স্কুল খুলুক আর নাই খুলুক, ফেব্রুয়ারি-মার্চেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার একদিকে যেমন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ডিসেম্বরেই খুলতে চলেছে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়, ঠিক তেমনি এটাও জানা যাচ্ছে চলতি বছরের স্কুল খুলুক বা না খুলুক আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগেই ফেব্রুয়ারি বা মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই রাজ্যে। তবে এই সম্পর্কীত কোনও ঘোষণা এখনও রাজ্য সরকার বা শিক্ষা দফতর থেকে করা হয়নি। সবটাই সূত্র মারফত পাওয়া খবর এবং এই সময় সম্ভাব্য বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে শিক্ষামন্ত্রী স্কুল খোলার বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বলায় চিন্তায় পড়েছেন অভিভাবকেরা।
 
সোমবার পার্থবাবু জানান, ‘ডিসেম্বরে শুরু হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের ক্লাস। তবে সেক্ষেত্রে সম্পূর্ণ কোভিড বিধি মানতে হবে কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিকে। মাস্ক ব্যবহার এবং স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক। প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার আগে ভালভাবে জীবাণুমুক্ত করতে হবে। ক্লাস চলার মাঝেও স্যানিটাইজ করতে হবে। স্কুল খোলার বিষয়টি ভাবনাচিন্তার স্তরে রয়েছে। কবে থেকে এবং কীভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হবে তা নিয়ে কালীপুজোর পরে আবারও বৈঠকে বসবে সরকার। সেই বৈঠকে এ প্রসঙ্গে আলোচনা করা হবে এবং বৈঠকের আলোচনার বিষয়বস্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে সমস্যা সব থেকে বেশি প্রকট হতে চলেছে স্কুল স্তরে দশম ও দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের ক্ষেত্রে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্লাস করেছে মাত্র আড়াই মাস। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা একদিনও স্কুলে গিয়ে ক্লাস করার সুযোগই পায়নি। সেক্ষেত্রে এই দুই ক্লাসের সিলেবাস কীভাবে শেষ করে আর কোন সিলেবাসের ওপর পরীক্ষা নেওয়া হবে, তা নিয়েই তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। তাই চেষ্টা করা হচ্ছে কালীপুজোর ছুটির পর অন্তত দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু করতে। বাদবাকি ক্লাসগুলিতে পঠনপাঠন আপাতত অনলাইনেই চলবে।  
 
২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে হবে সেই বিষয়েও নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। সাধারণত প্রতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। আর উচ্চ মাধ্যমিক শুরু হয় মার্চের প্রথম সপ্তাহের শেষের দিকে। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার আর ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি সংশ্লিষ্ট বোর্ড। ফলে কবে পরীক্ষা হবে, এখন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পড়ুয়া, শিক্ষক, অভিভাবক সব মহলে। এই পরিস্থিতিতে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে রাজ্যের শিক্ষা দফতরের কাছে একগুচ্ছ সুপারিশ করেছে শিক্ষকদের সংগঠন স্টেট ফোরাম অফ হেডমাস্টারস্ অ্যান্ড হেডমিস্ট্রেসস্। বিধানসভা নির্বাচনের কথা বিবেচনা করে আমাগী বছর মার্চ মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছে তাঁরা। এক্ষেত্রে একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদিন অন্তর নেওয়া, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং আলাদা আলাদা কেন্দ্রে একই দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নেওয়া যায় কি না, তা ভেবে দেখার জন্য ফোরামের তরফে শিক্ষা দফতরের কাছে আবেদন করা হয়েছে। সেই সঙ্গে মোট সিলেবাসের ৭০ শতাংশ নিয়ে নতুন করে সিলেবাস ও নম্বর বিভাজন করে তা প্রকাশ করার পক্ষে জোর সওয়াল করেছে এই শিক্ষক সংগঠনটি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube