নবান্নে এল রেলের চিঠি! পুজোর আগেই লোকাল ট্রেন চালুর সম্ভাবনা

নিউজটাইম ওয়েবডেস্ক : আমজনতার ক্ষোভ ক্রমশই চড়ছে। কার্যত তাঁরা এখন মারমুখী মেজাজে। পেটের খিদে এমনই জিনিস যে সে আর বাছবিচার করার মতো অবস্থায় থাকে না। আর সেই মারমুখী বিক্ষোভ গত এক সপ্তাহ ধরে বার বার আছড়ে পড়ছে রেলেরই ওপরে। তাই আর সময় অপচয় না করেই নবান্নে চিঠি পাঠলো পূর্ব রেল। যাতে লোকাল ট্রেন চালু নিয়ে দ্রুত বৈঠক ডাকা হয়। ইতিমধ্যেই রাজ্যের মানবাধিকার কমিশন লোকাল ট্রেন চালু নিয়ে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। ফলে চাপ বেড়েছে রেলের ওপরে। এখন দেখার বিষয় পুজোর আগেই লোকাল ট্রেন চালু নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নবান্ন নেয় কিনা।

স্বাভাবিক অবস্থায় পূর্ব রেল হাওড়া থেকে দিনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৪৬০টি লোকাল ট্রেন চালায়। শিয়ালদায় সেই সংখ্যাটা ৯২৭। কিন্তু গত মার্চ থেকেই এই ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। আনলক পর্বে রেলকর্মীদের জন্য কিছু স্টাফ স্পেশ্যাল লোকাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদা থেকে ওই সব ট্রেন ছাড়ছে। রেলকর্মীরা ছাড়াও তাতে যাতায়াতের সুযোগ পাচ্ছেন পুলিশ, চিকিৎসক, মিডিয়া কর্মীর মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা। কিন্তু গত এক দেড় মাস ধরেই লক্ষ্য করা যাচ্ছে পূর্ব রেলের এই সব স্টাফ স্পেশ্যাল লোকাল ট্রেনে চড়তে শুরু করে দিয়েছেন আমজনতাও। তা নিয়ে আপত্তি তুলছিলেন রেলকর্মীরা। তার জেরে জিআরপি আর আরপিএফ দিয়ে অবৈধ যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া শুরু হলে তা ঘিরে ক্রমশ অশান্তি শুরু হয় সোনারপুর, খন্যান, মগরা, হুগলি ও লিলুয়া স্টেশনে। রেলের সম্পত্তি ভাঙচুরও হয়। পাশাপাশি জনরোষ ক্রমান্বয়ে বাড়ছে শুরু করেছে। রাজ্য মানবাধিকার কমিশন ইতিমধ্যেই আমজনতার লোকাল ট্রেনে উঠতে না পারার ঘটনাকে মানবাধিকারের লঙ্ঘণ বলেও চিহ্নিত করেছে।
 
এই অবস্থায় রাজ্য স্বরাষ্ট্রসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর কাছে চিঠি দিক পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। সেই চিঠিতে জানানো হয়েছে এই করোনা আবহে কবে থেকে, কীভাবে লোকাল ট্রেন চালানো সম্ভব সে বিষয়ে আলোচনা চেয়ে দ্রুত যেন বৈঠক ডাকে রাজ্যসরকার। পাশাপাশি সাধারণ যাত্রীরা স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে স্টেশনে স্টেশনে যে বিক্ষোভ শুরু করেছেন, তা আটকাতেও রাজ্যের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে চিঠিতে। চিঠিতে আরও জানানো হয়েছে যে, পুজো যত এগিয়ে আসছে লোকাল ট্রেন চালানোর দাবি তত জোরালো হচ্ছে। রুষ্ট যাত্রীদের বশে আনতে পারছে না রেল। রেল সম্পত্তি নষ্ট করছেন ক্ষিপ্ত জনতা। এই পরিস্থিতিতে রেলের সঙ্গে রাজ্য বসে ট্রেন চলাচলের বিষয়টি নিষ্পত্তি করুক। কীভাবে, কত ট্রেন, কবে চালানো শুরু করা যাবে তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে।

রেলকর্মীদের জন্যপূর্ব রেল এখন শিয়ালদা ও হাওড়া ডিভিশনে মোট ১৮২টি স্টাফ স্পেশ্যাল লোকাল ট্রেন চালাচ্ছে। নিরুপায় হয়ে বহু যাত্রী সেই ট্রেনে চড়ছেন। রেল লোকাল ট্রেন চালাতে প্রস্তুত হলেও রাজ্যের অনুমতি ব্যাতিত ট্রেন চলা সম্ভব নয়। তাই ট্রেন চালানোর অনুমতি দেওয়ার জন্য রাজ্যের কাছে আরজি জানিয়েছে রেল। এখন দেখার বিষয় রাজ্য মত দেয় কিনা। একই সঙ্গে জানা গিয়েছে এবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হলে আরও কড়া হবে স্বাস্থ্য বিধি। মাস্ক না পরলে বা থুতু ফেললেই এবার জরিমানার পাশাপাশি হতে পারে ৫ বছর পর্যন্ত জেল। অন্যদিকে মেট্রোরেল নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ৮টার বদলে এবার শেষ মেট্রো রাত ৯টায়। প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। অফিস টাইমেও এবার থেকে ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট অন্তর মিলবে মেট্রো। অফিস টাইম বাদে বাকি সময়ে ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube