নিউজটাইম ওয়েবডেস্ক : গ্রামের প্রতিটি রাস্তা যেন গাড়ি চলার মতো সুগম হয়, সেই লক্ষ্যেই বৃহস্পতিবার শহরে ফেরার আগে পথশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষার পর পুজোর আগে সারা রাজ্যের প্রতিটি গ্রামাঞ্চলের রাস্তা যাতে সারাই হয়ে যায় সেই লক্ষ্যেই এই বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, সারা রাজ্যের ১২ হাজার কিলোমিটার গ্ৰামীন রাস্তা নতুন করে তৈরি করা হবে। পঞ্চায়েত দফতর প্রত্যেক জেলায় ভেঙে যাওয়া রাস্তা চিহ্নিত করে ফেলেছে ইতিমধ্যে। এই প্রকল্পে সেই সব রাস্তাকে সারিয়ে গাড়ি চলার উপযুক্ত করে তোলা হবে। মুখ্যমন্ত্রী আজ পথশ্রী অভিযান উদ্বোধন করার পর সব জেলায় ১৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ১২ হাজার কিলোমিটার পথ হবে। তা কোথাও ভেঙে গিয়েছে আবার কোথাও নতুন রাস্তা হবে। সেই নিয়ে ইতিমধ্যেই তালিকা করা হয়েছে। এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব রাস্তা ঠিক না হলে কর্মযজ্ঞ থামবে না।’ একইসঙ্গে, তিনি বিজেপি ও সমাজবিরোধী এবং নিজের দলের একাংশকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এই কাজ কেন্দ্রীয়ভাবে হবে, কেউ যদি কোথাও বাঁধা দেয় তাহলে কাজ বন্ধ হবে না। সেরকম কোনও ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনওরকম ঝামেলা বরদাস্ত করা হবে না এই রাস্তা তৈরি করতে গিয়ে। কারণ, রাস্তাই হল প্রগতির পথ, উন্নয়নের পথ, এগিয়ে যাওয়ার পথ তাই রাস্তা তৈরি না হলে মানুষের উন্নতি হবে না।’ রাজনৈতিক মহলের একাংশের মতে, যেভাবে বিজেপির সঙ্গে সঙ্গে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ও তোলাবাজির ঘটনা কিছু কিছু ক্ষেত্রে সামনে আসছে, তার বিরুদ্ধেও দিন কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, চলতি অর্থবর্ষে রাস্তা তৈরির জন্য ৫,৭৪৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্য এই টাকার সিংহভাগই খরচ করা হবে। ফলে শীঘ্রই রাজ্যের কোনও রাস্তা খারাপ থাকবে না বলেই আশা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নমঃশুদ্র বোর্ড, তরাই-ডুয়ার্স কালচারাল বোর্ড, আদিবাসী ডেভলপমেন্ট ও সাংস্কৃতিক বোর্ড, জিটিএকে আর্থিক সহায়তা দেন মুখ্যমন্ত্রী।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

