‘বিমা কোম্পানির সঙ্গে ১০ লাখের কোন চুক্তি হয়নি’, বিস্ফোরক দিলীপ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে মমতা সরকারকে একাধিকবার আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মারণ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে রাজ্য সরকার তথ্য গোপন করছে বলেও অভিযোগ জানান তিনি। এবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাব। হিম্মত থাকলে মুখ্যমন্ত্রী আটকে নিক”। একইসাথে এদিন বেসরকারি হাসপাতালে চিকিৎসার দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানান তিনি। 

এখানেই শেষ না করে মমতাকে এদিন আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী সহযোগিতা চেয়েছেন, কিন্তু সহযোগিতা করব কীভাবে? না তিনি ফোন তোলেন না কোন হেল্পলাইন নম্বরে ফোন ধরা হয়। জেলাশাসকদের সঙ্গে উনি বসছেন না। নবান্ন এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। কিছু মেরুদন্ডহীন ব্যক্তিদের নিয়ে মুখ্যমন্ত্রী ঘুরে বেড়ান। টিকিয়াপাড়ার ঘটনার পর পুলিশ লেজ গুটিয়ে পালিয়েছে। কিন্তু বাদুড়িয়ায় মানুষগুলো যখন খেতে পাচ্ছিলনা, তখন ওই পুলিশকেই লাঠিচার্জ করতে দেখা গিয়েছে।” দিলীপের অভিযোগ “উনি মুখে ঘোষণা করে দিচ্ছেন, কিন্তু কোনও বিমা কোম্পানির সঙ্গে এখনও পর্যন্ত ১০ লাখ টাকা করে দেওয়ার জন্য চুক্তি করেননি। শুধু ঘোষণা করে দেন!” 

প্রসঙ্গত, বুধবার নবান্ন থেকে করোনা বিদায় না নেওয়া পর্যন্ত রাজনীতি না করার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার সেই মন্তব্যের ওপর ভিত্তি করেই মমতাকে একহাত নিলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “বিজেপির কাজ বিজেপি করবে। আপনাদের ভুল ধরিয়ে দেবে।” এদিন করোনা মোকাবিলায় সকলকে একজোট হলে কাজ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান। এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির প্রশ্ন, “আমাদের সাংসদরা ত্রাণ দিতে গেলে পুলিশ পাঠিয়ে দিচ্ছেন, কীভাবে আপনি সহযোগিতা আশা করেন?”

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube