সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। গত সোমবার কলকাতা থেকে দূরে এক ফার্মহাউজে বসেছিল বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নবদম্পতির বিয়ের ছবি। এসবের মধ্যেই আরও একটি পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। বাম নেত্রী দীপ্সিতা ধর নতুন বৌদির গৃহপ্রবেশের একটি বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে স্টোরি শেয়ার করেছেন দীপ্সিতা ধর। সেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রয়েছেন নব দম্পতি। মনে করা হচ্ছে, সেসময়ে তাঁদের গৃহপ্রবেশ পরবর্তী নিয়ম পালন করা হচ্ছিল। মেরুন পারে সবুজ শাড়ি পরনে রয়েছে সোহিনীর। সিঁদুরে রাঙানো সিঁথি, হাতে শাখা-পলা। নতুন বউয়ের হাসি মুখ দেখে মুগ্ধ নেটিজেনরা। পাশেই বসে শোভন, পরনে পাজামা-পাঞ্জাবি। স্টোরিতে দীপ্সিতা লিখেছেন, ‘ওয়েলকাম হোম’। এছাড়াও নব দম্পতিকে সাথে নিয়ে গোটা পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘পরিবারে স্বাগত’।

ননদ-বৌদি জুটির খুনসুটি দেখতে যে নেটিজেনরাও কৌতূহলী সেকথা বাম নেত্রীর কমেন্ট সেকশন থেকেই স্পষ্ট। একজন লিখেছেন, ‘বাংলা সিরিয়ালের মত দেখা যাক ননদ-বৌদির ঝগড়া হয় কিনা?’ পাশাপাশি কমেন্ট বক্সে নব দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, দীপ্সিতা সম্পর্কে শোভনের বোন। সোহিনী-শোভনের বিয়ের আগের পুল পার্টিতেও ছিলেন তিনি।

গত ১৫ জুলাই চার হাত এক হয়েছে সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকারের। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তাঁরা লিখেছেন, ‘দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে।‘ তাঁদের প্রেমের গুঞ্জন বহু দিন ধরেই ছিল, তবে কেউই এনিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। শেষ পর্যন্ত সব গুঞ্জন সত্যি করেই একসঙ্গে নতুন জীবনে পা রাখলেন শোভন-সোহিনী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

