ধন্যবাদ ফুটবল : আবেগঘন বিদায়ী বার্তা ক্রুসের

এবারের ইউরো কাপ থেকে জার্মানির বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে টনি ক্রুসের ফুটবল জীবনের বর্ণময় অধ্যায় শুক্রবার রাত থেকেই তিনি জার্মান দলের তারকা ফুটবলার থেকে হয়ে গেছেন প্রাক্তন। তারপরও যেন কিছু একটা বাকি ছিল। সেই আনুষ্ঠানিক বিদায়পর্ব এবার সারা হল। এক আবেগঘন বার্তায় ক্রুস বললেন, ‘ধন্যবাদ ফুটবল, বিদায়’।

আন্তর্জাতিক ফুটবল থেকে আগেই অবশ্য অবসর নিয়েছিলেন টনি ক্রুস। তবে দীর্ঘ কয়েক বছরের ব্যর্থ পথচলার পর, দলের প্রয়োজনে এবং কোচের অনুরোধে অবসর ভেঙে আবারও মাঠে ফেরেন তিনি। তাঁর পাখির চোখ ছিল এবারের ইউরো কাপ।
ফুটবল জীবনে অনেক ট্রফি জিতলেও, ইউরো কাপ জয়ের স্বাদ তিনি কখনও পাননি। আসরের শুরুতে দারুণ পারফরম্যান্সে আশা জাগালেও, শেষ পর্যন্ত সেই অপেক্ষা আর কাটেনি ক্রুসের। স্পেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হেরে, এবারের ইউরো থেকে বিদায় নিয়েছে জার্মানি। সেই সঙ্গে পুরোপুরি চুকে গেছে ক্রুসের ফুটবল অধ্যায়।

গত মাসে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে, ক্লাব ফুটবলের ইতি টানেন ৩৪ বছর বয়সী টনি ক্রুস। এবার শেষ হল তাঁর আন্তর্জাতিক ফুটবল জীবন। স্টপডগার্টে স্পেনের বিপক্ষে ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলার দু দিন পরে, সমাজ মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন জীবনে পা রাখলেন তিনি। নিজের সমাজ মাধ্যম পেজে তিনি লেখেন – ‘তো, এই পর্যন্তই। তবে বিরতি নেওয়ার এবং গত ১৭ বছরে কী হয়েছে তা অনুধাবন করার আগে, আমাকে আমার মতো করে গ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানানোর এই সুযোগ হারাতে চাই না’।

২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ইতিহাসের সেরা মিডফিল্ডারদের অন্যতম হলেন টনি ক্রুস। নিজের পেজে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর সাফল্যের সঙ্গে জুড়ে থাকা সকলকে। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানিয়েছেন সমর্থক, ক্লাব, কোচ, বন্ধু এবং পরিবারের সবাইকে। ক্লাব ফুটবলে অসংখ্য ট্রফি জিতেছেন ক্রুস। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা – চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন মোট ছ’বার। যার মধ্যে বায়ার্ন মিউনিখের হয়ে একবার, রিয়ালের জার্সিতে পাঁচবার।

বায়ার্নের হয়ে ওই একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি বুন্দেশলিগা ছাড়াও, আরও অনেক ফুটবলীয় খেতাব জিতেছেন তিনি। এরপর রিয়ালের হয়ে স্প্যানিশ লিগ সেরার শিরোপা জিতেছেন চারবার। তার সঙ্গে আছে আরও অনেক ট্রফি। তাঁর সাফল্যে ভরপুর ক্যারিয়ারের শেষটা হলো জাতীয় দলের হয়ে ঘরের মাটিতে ১১৪ নম্বর ম্যাচে অংশ নিয়ে। ক্রুসের বিদায়ী বার্তার শেষটা ভীষণই আবেগপূর্ণ। সেখানে তিনি ফুটবলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ ফুটবল! তুমি সুন্দর এক খেলা এবং তোমাকে স্বাগত। বিদায়’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube