নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে অনেকেই সমস্যায় পড়েছেন। কিন্তু করোনাভাইরাস রুখতে লকডাউন করা জরুরী ছিল বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, গরীব মানুষের কাছে ক্ষমাও চাইলেন তিনি।
মাত্র চার ঘণ্টার মধ্যে লকডাউনের সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী। যার জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে পিছিয়ে শ্রেণীর মানুষ। কাজ হারিয়েছেন অসংখ্য দিনমজুর, শ্রমিক। এই পরিস্থিতিতে গরীবদের জন্য ১.৭৫ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল মোদী সরকার। তাতে প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিন্তু কাজ হারিয়ে বড় শহর ও ভিনরাজ্য থেকে মরিয়া শ্রমিকদের অবস্থার জন্য সমালোচনার মুখে পড়ে সরকার। সবারই একটাই অনুযোগ, লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে গিয়েছে। হাতে টাকা নেই। ফলে খাবার সংস্থানের জন্য নিজের বাড়িতে ফিরছেন। এই অবস্থায় শনিবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে যেভাবে কাতারে কাতারে শ্রমিক উত্তরপ্রদেশগামী বাস ধরার জন্য জমায়েত হয়েছিলেন, তাতে করোনা সংক্রমণের ভয়ে আশঙ্কিত হয়ে ওঠেন বিশেষজ্ঞরাও। এদিকে শ্রমিকদের মধ্যেও ক্ষোভ বাড়তে থাকে। এরপর রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই অশান্তির প্রেক্ষিতে কথা বলেছেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘এরকম কঠোর পদক্ষেপের জন্য আমি ক্ষমা চাইছি। যা আপনাদের জীবনে জটিলতা তৈরি করেছে। বিশেষত গরীবদের। আমি জানি, আপনাদের কেউ কেউ আমার উপর অত্যন্ত রেগে আছেন। কিন্তু এই (করোনার বিরুদ্ধে) যুদ্ধ জয়ের জন্য এরকম কঠোর পদক্ষেপ প্রয়োজনীয় ছিল।’ তবে মোদীর বিশ্বাস, দেশবাসী তাঁকে ক্ষমা করবেন। মোদী বলেন, ‘আমার বিবেক বলছে, আপনারা আমায় ক্ষমা করে দেবেন। বিশেষত আমি যখন গরীব ভাইবোনেদের দিকে তাকাই, তখন মনে হয়, ওঁরা ভাবছেন, কী ধরনের প্রধানমন্ত্রী ইনি যে তাঁদের এরকম অবস্থার মধ্যে ফেলে দিলেন?’ পাশাপাশি, দেশবাসীকে আরও কয়েকদিন লকডাউন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার আর্জি জানান মোদী। তিনি বলেন, ‘লকডাউন আপনাদের জন্য। আপনাদের পরিবারকে রক্ষা করার জন্য। আরও কয়েকদিন আপনাদের এরকম ধৈর্য দেখাতে হবে।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

