বাংলা নববর্ষের প্রথম দিন আর দোকানে দোকানে হাল বা নতুন খাতা যেন সমার্থক ছিল একটা সময় । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ছবিটাও যেন ফিকে হতে শুরু করেছে । ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে সিদ্ধিদাতা গণেশের পুজো, হাল খাতার মিষ্টির প্যাকেট সঙ্গে বাংলা ক্যালেণ্ডার এখন এসব অতীত । হালখাতা নিয়ে আর তেমন উন্মাদনা দেখা যায় না ব্যবসায়ী থেকে খরিদ্দার কারও মধ্যেই । প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে হিসাব রক্ষকের ভূমিকায় লাল কাপড়ে মোড়া খাতার কাজ কেড়ে নিয়েছে কম্পিউটার । এমনটাই মত অনেকের।
একটা সময় ‘হালখাতা বা নতুন খাতা’ উৎসবের তালিকায় ঢুকে পড়েছিল । ছাপা হতো বাহারি কার্ড । সেই সব কার্ডে মাটির সরাতে কলাগাছের পাতা, ডাব এবং উপরে গণেশের ছবি থাকত । কিন্তু এখন আর হালখাতার কার্ড ছাপা হয় না । বাংলা বছরের প্রথম দিনে এই উৎসব সেই জাঁকজমকে পালনও হয় না । দোকানে দোকানে পুজোর ঝক্কিও নিতে চাইছেন না ব্যবসায়ীরা । তার জায়গায় স্থানীয় মন্দিরে লাল কাপড়ে মোড়া নতুন খাতা নিয়ে ‘কাজ’ সেরে ফেলছেন অনেকেই । আর এসবের কারণেই অনেকটাই হারিয়ে যেতে বসেছে বাংলা নববর্ষের এই উৎসব ।
বাঁকুড়া শহরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার দামোদর দে বলেন, ‘কম্পিউটার এসে যাওয়ার পর হাল খাতা নিয়ে মানুষের উন্মাদনা কমেছে । এখন দোকানে দোকানে আর সেভাবে পুজাে হয় না’ । মন্দিরে এসেই নববর্ষের পুজাে সেরে নিচ্ছেন বলেই জানান তিনি ।
বাঁকুড়া শহরের মাচানতলায় দীর্ঘদিন ধরে ক্যালেণ্ডার সহ অন্যান্য সামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত সৌমেন ব্যানার্জী বলেন, ‘হাল খাতা দিনে দিনে ফিকে হচ্ছে । ব্যবসায়ীরা দোকানে পুজোর ঝক্কি ঝামেলা না রেখে কোনও মন্দিরে গিয়েই পুজো সেরে নিচ্ছেন ‘। একই সঙ্গে এখন আর সেভাবে বাংলা ক্যালেণ্ডার বিক্রিও হয় না বলে তিনি জানান।
রবিবার নববর্ষের প্রথম দিনে বাঁকুড়া শহরের মহামায়া মন্দিরে নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাল খাতার পুজো দিতে আসা পূজা দে বলেন, ‘নতুন খাতা ছাড়া পয়লা বৈশাখ অসম্পূর্ণ, পুরনো খাতায় হাল খাতার পুজো দেওয়া মানে আরও পুরনো হয়ে যাওয়া । ফলে বছরের প্রথম দিন আর নতুন খাতা ছিল ও থাকবে বলেই তিনি জানান।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

