লোকসভা ভোটের মুখে ফের শহর কলকাতায় নগদ টাকা উদ্ধার করল আয়কর দফতর । দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে চেতলা রোডের একটি ছাতু প্রস্তুতকারী সংস্থায় পৌঁছয় আয়কর দফতরের আধিকারিকরা । বুধবার থেকে টানা ২ দিন ধরে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর । এরপর সেখান থেকে ৫৮ লক্ষ নগদ টাকা উদ্ধার করেন তাঁরা ।
ইতিমধ্যেই এই নগদ টাকা উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর । ভোটের মুখে ওই সংস্থার অফিসে কেন এত বিপুল পরিমাণ নগদ টাকা মজুদ করে রাখা হয়েছিল, এই প্রশ্নের কোনও সদুত্তর চেতলার ওই ব্যবসায়ী দিতে পারেননি । এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগামী সপ্তাহে ছাতু প্রস্তুতকারী সংস্থার মালিককে সমন পাঠানো হয়েছে আয়কর দফতরের তরফ থেকে ।
ছাতু প্রস্তুতকারী সংস্থা সত্যেন্দ্র ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর সত্যেন্দ্র প্রসাদ সাউ, স্ত্রী নমিতা সাউ এবং মেয়ে সিমরন সাউ-কে আয়কর দফতরের তরফে জিজ্ঞাসাবাদ করা হয় । চুঁচুড়া, মধ্যপ্রদেশ এবং ডানকুনিতে কারখানা, চুঁচুড়ার হোটেল, চেতলা রোডের বাড়ি এবং আরেকটি অফিস; সবমিলিয়ে মোট ৬টি জায়গায় বুধবার দুপুর ১২টা থেকে তল্লাশি শুরু হয় । বৃহস্পতিবার রাত ২.৩০ মিনিট পর্যন্ত চলে সেই তল্লাশি ।
এছাড়াও যারা সত্যেন্দ্র ছাতু বানায়, তাদের নথিভুক্ত ঠিকানায় আয়কর দফতর হানা দেয় । আয়কর দফতর সূত্রে খবর, উদ্ধার করা হয় প্রায় ৫৮ লক্ষ টাকার কাছাকাছি নগদ । সেই নগদ টাকার উৎস বা সেই নগদের জন্য প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি সংস্থার মালিক ।
টাকার নথি না দেখাতে পারায়, সামনের সপ্তাহে সত্যেন্দ্র প্রসাদ সাউকে আয়কর দফতরে তলব করা হয়েছে । ভোটের মুখে বিপুল নগদ উদ্ধারের বিষয়ে কমিশনকে জানাল আয়কর দফতর । সংস্থার মালিক সত্যেন্দ্র ছাতুর ব্যবসা ছাড়াও সিনেমার ব্যবসা এবং নির্মাণ ব্যবসায় লগ্নি করেছেন । প্রসঙ্গত, এর আগেও আয়কর তল্লাশি হয়েছে এই সত্যেন্দ্র ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড সংস্থায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

