‘মোদির পিছনে কাঠি দিলে উদ্ধব ঠাকরে হবে, নীতিশ কুমার হবে, মুলায়ম হবে । বাকি শেষে মমতার হবে’। ঠিক এই ভাষাতেই বিরোধীদের হুঁশিয়ারী দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ । এদিন দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ বাঁকুড়া শহরের লালবাজার থেকে পায়ে হেঁটে মাচানতলায় পৌঁছন । সেখানেই দলের নেতা কর্মীদের সঙ্গে ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন তিনি ।
শনিবার সকালে বাঁকুড়া শহরের মাচানতলায় ‘চায়ে পে চর্চা’ কর্মসূচীতে যোগ দিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন । একই সঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, আমরা সমাজের সঙ্গে আছি । ‘যারা পিছনে লাগবে আজ হোক বা কাল ‘হয় ভগবান না হলে সিবিআই নিয়ে যাবে ।’ ‘বাঁচার কোন রাস্তা নেই’ বলেই তিনি ভবিষ্যদ্বানী করেছেন ।
এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল তৃণমূলকে কড়া আক্রমণ শানিয়েছেন । তিনি বলেন, ‘একটা সময় জঙ্গলমহলের মানুষ বাঘ, হাতির সঙ্গে লড়াই করে বেঁচে ছিল । এখন তার চেয়েও ‘ভয়ঙ্কর তৃণমূল’। এখানকার মানুষ ওই সব শিং-ওয়ালা, নখ-ওয়ালা, দাঁত-ওয়ালাদের সঙ্গে লড়াই করে টিকে আছে, আর এরা কোথাকার কে, এরা তো চোর ডাকাত! এবার টিএমসি খেদানো অভিযান হবে’ । একই সঙ্গে নিজেদেরকে ‘টিএমসি খেদা পার্টি’ নামে অভিহিত করে তার কি ওষুধ হয়, তা জানা আছে বলেও দাবি করেছেন তিনি ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অমর্ত্য সেন ও বিশ্বভারতীর দ্বৈরথ নিয়েও মুখ খোলেন । তিনি বলেন, জমি ছেড়ে দিলেই তো সমস্যা মিটে যায় । অন্যদিকে ‘গোরু পাচার’ মামলা প্রসঙ্গে বি.এস.এফ যোগসাজশের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যেই যুক্ত থাক, শাস্তি পেতে হবে’ ।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নবজোয়ার’ কর্মসূচী নিয়ে বলতে গিয়ে বলেন, ‘উনি এখন অমিত শাহ, নরেন্দ্র মোদিদের নকল করছেন’।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

